মাদারীপুরের ডাসার থানা এলাকায় মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) পৃথক দুটি অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানটি মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত হয়।
পুলিশ জানায়, বিকেল ৪টা ৪০ মিনিটে ডাসার উপজেলার আটিপাড়া (ভাঙ্গা ব্রিজ) এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে মাহবুব খানের বাড়ির সামনে অভিযান চালিয়ে মাহবুব খান (৪৬) ও আসাদ খান (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে ডাসার থানার পাথুরিয়ার পাড় ব্রিজের দক্ষিণ পাশের ঢাল এলাকায় অভিযান চালিয়ে এমারত ফকির (৫৫), সোহেল মাতুব্বর (৫০), রুবেল হাওলাদার (৩০), জিসান শেখ (২৪) ও সজল বেপারী (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দখল থেকে উদ্ধার করা হয় আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট।
পৃথক দুই অভিযানে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।