লক্ষ্মীপুরে ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটারসহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জুবলি দিঘির পাড় এলাকায় অবস্থিত মারিয়াম প্রিন্টাস থেকে তাকে আটক করা হয়।
অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ। তিনি জানান, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা সিলগুলো সম্পূর্ণ অবৈধ। এসব সিল তৈরির বা সংরক্ষণের কোনো আইনগত অনুমতি তার নেই।
আটক সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, একজন ব্যক্তি তার কাছে ছয়টি সিল তৈরির অর্ডার দিয়েছিল। তবে ওই ব্যক্তি বা সিলগুলোর ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ আরও জানান, এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানায় নিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।