কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি সিগারেট কোম্পানির অফিসে ডাকাতির সময় নৈশপ্রহরী তপন কুমার সরকার (৫০)কে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় ওই নৈশপ্রহরীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত রাজারহাট উপজেলার মেরিস সিগারেট কোম্পানির অফিসে হানা দেয়। ডাকাতি প্রতিহত করতে গেলে তারা নৈশপ্রহরী তপন কুমার সরকারের ওপর হামলা চালায় এবং তাকে হত্যা করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিষ্ঠানটির মালামাল লুটসহ আনুমানিক কয়েক লাখ টাকা ডাকাতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হবে।”