কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে প্রশ্নের উত্তর সংগ্রহের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ বিএনপি নেতাসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলার শহরের একটি পরীক্ষা কেন্দ্রের পাশ থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে মিনারুল ইসলাম (৪০) নামে একজন রয়েছেন, যিনি নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অন্য আটক ব্যক্তিরা হলেন— বেলাল হোসেন (৩৮), মো. আনোয়ার হোসেন (২৮), শাহজামাল (২৭), বাবু ইসলাম (৩২), জান্নাতুল নাঈম মিতু (২৬), আব্দুল লতিফ (৫২), শরিফুজ্জামান সিদ্দিকী (৪০), হিমেল মাহমুদ (২৮), চামেলী আক্তার (২৯) এবং মো. মাহবুব খান (৩৫)।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ১১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কপি, বিশেষ ডিজিটাল ডিভাইস এবং যোগাযোগের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা বলেন, থানার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আটকের বিষয়টি জেনেছি। আটক ব্যক্তিরা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার মোট ৩৮টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মোট ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী।