সম্প্রতি ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামের একটি পডকাস্টে জ্যাকসন দাবি করেন, কোভিড-১৯ টিকা তার বাবার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে।
জ্যাকসন জানান, শেন ওয়ার্নের আগে থেকে কিছু শারীরিক ঝুঁকি থাকলেও টিকা সেই ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। মৃত্যুর খবর শোনার পর থেকেই তার মনে হয়েছিল—সরকার, কোভিড এবং টিকা—সবকিছুই এ ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। ময়নাতদন্তে স্বাভাবিক মৃত্যুর কথা বলা হলেও পরবর্তীতে তার মৃত্যুকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়। থাই পুলিশের বিরুদ্ধে তার কক্ষ থেকে কিছু ওষুধ সরানোর অভিযোগ এবং তার শরীরে ভায়াগ্রার উপস্থিতির বিষয়টিও আলোচনায় আসে।
তবে জ্যাকসন মনে করেন, এসবের বাইরেও মূল কারণ হতে পারে কোভিড টিকা। তার দাবি, সরকারি বিধিনিষেধের কারণে একাধিক ডোজ টিকা নিতে হয়েছিল ওয়ার্নকে।
ভিক্টোরিয়া সরকারের আয়োজিত রাষ্ট্রীয় স্মরণসভা নিয়েও নিজের অস্বস্তির কথা জানিয়ে জ্যাকসন বলেন, 'তখন প্রকাশ্যে কিছু না বললেও মনে মনে সরকারকেই দায়ী করছিলেন।'
তবে শেষ পর্যন্ত তিনি বলেন, 'প্রকৃত সত্য হয়তো অজানাই থেকে যাবে। বাবা তখন বেশ ফিটই ছিলেন। যদিও তিনি ধূমপান ও মদ্যপান করতেন, তবুও অনেকেই এর চেয়ে বেশি করেও দীর্ঘদিন বেঁচে আছেন।'
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন তার ক্যারিয়ারে ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট নিয়ে সর্বকালের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন।
বর্তমানে জ্যাকসন ‘শেন ওয়ার্ন লিগ্যাসি’ উদ্যোগের মাধ্যমে হৃদ্রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করছেন, যাতে ভবিষ্যতে এমন আকস্মিক মৃত্যু কমানো যায়।