সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
জামায়াতের আমির লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য মহান রবের দরবারে আশু সুস্থতা কামনা করছি।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপি পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছেই।
শায়রুলকবির খান আরও বলেন, চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এর আগে রোববার রাত ৮টায় হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। তার হার্টের সমস্যা আগেও ছিল এবং সংক্রমণ হার্ট ও ফুসফুসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট দেখা দিয়েছে।