শীতের তীব্রতা থেকে স্বস্তি দিতে কেরানীগঞ্জের একটি বৃদ্ধাশ্রমে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার তারানগর ইউনিয়নে অবস্থিত ‘অপন ঘর ফাউন্ডেশন’ বৃদ্ধাশ্রমে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক আশ্রমের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরে আশ্রমে বসবাসরত প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে আশ্রমের বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। মানবিক সহায়তার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।