রাজধানীর জুরাইন এলাকার ব্যবসায়ী আব্দুস সালামের জীবনের সব স্বপ্ন মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কেরানীগঞ্জের আগানগরে জাবালে নূর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার ছয়টি দোকানসহ কোটি টাকার বেশি শীতের কাপড় ও বাকিতে কেনা মালামাল পুড়ে যায়।
ভোর চারটার দিকে আগুন লাগার খবর পেয়ে জুরাইন থেকে ছুটে আসেন সালাম। তবে আগুনের ভয়াবহতা ও ঘন ধোঁয়ার কারণে তিনি দোকানের ভেতরে ঢুকে কিছুই উদ্ধার করতে পারেননি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখের সামনে পুড়ে যেতে দেখেছেন বছরের পর বছর কষ্ট করে গড়ে তোলা সম্পদ।
সালামের ভাতিজা আব্দুল আজিজ জানান, আগের দিনই প্রায় ৬০ লাখ টাকার শীতের পোশাক এনে জাবালে নূর টাওয়ারের আন্ডারগ্রাউন্ড গুদামে রাখা হয়েছিল। কিন্তু এক রাতের ব্যবধানে আগুন সবকিছু কেড়ে নিয়েছে।
এ ঘটনায় ভেঙে পড়েছেন সালামের চাচা ও ব্যবসায়িক অংশীদার সোহেল। তিনি বলেন, এখন তিনি এক কাপড়ে দাঁড়িয়ে আছেন। বাবার জমি বিক্রি করে যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, সেই ব্যবসাই তাকে নিঃস্ব করে দিয়েছে। তার ভাষায়, সাক্ষাৎকার দিয়ে কিছুই ফিরে পাওয়া যাবে না, পুড়ে যাওয়া সম্পদ আর কেউ ফেরাতে পারবে না।
এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে সালাম ও সোহেলের মতো অনেক ব্যবসায়ী এখন দিশেহারা। চোখের সামনে পুড়ে যাওয়া দোকান ও মালামালের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ও কান্না ছাড়া তাদের আর কিছুই করার নেই।