মঙ্গলবার ( ২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষাকে মাথায় রেখে বর্তমান সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এই আন্দোলনে যারা বীরত্বের সঙ্গে অংশ নিয়েছেন, তাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।'
মন্ত্রী আরও বলেন, 'বিগত সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নামকরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। জনগণের দাবির মুখে এসব বিতর্কিত নাম পরিবর্তন করাই আজকের আলোচনার অন্যতম এজেন্ডা। প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'
এ সময় জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মো. মুজিবুর রহমান বলেন, 'জুলাইয়ের জন-আকাঙ্ক্ষার সঙ্গে সম্পর্কিত অধ্যাদেশগুলোকে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তবে কোনো অধ্যাদেশ যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক বা জনস্বার্থ পরিপন্থি হয়, তবে আমরা আমাদের মতামত শক্তভাবে তুলে ধরব।'
উচ্চপর্যায়ের এই বৈঠকে সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে।