জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের হামলার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জবি শাখা। এ সময় হামলায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা অভিযোগ করেন, দ্বিতীয় ক্যাম্পাস-সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদল জকসু, জাতীয় ছাত্রশক্তি, ছাত্রশিবির, ছাত্রফ্রন্ট, ইনকিলাব মঞ্চ এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সাধারণ সম্পাদক শাহিন মিয়া বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস। এখানে কোনো ছাত্রসংগঠনের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ নেই। ছাত্রলীগের পথ অনুসরণ না করে ছাত্রদলকে সংযত আচরণ করতে হবে।
তিনি অভিযোগ করেন, আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানেও তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনারও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
ইনকিলাব মঞ্চের জবি শাখার সদস্য ইসমাইল হোসেন তাসিন বলেন, দ্বিতীয় ক্যাম্পাস–সংক্রান্ত দাবিতে কর্মসূচি চলাকালে প্রথমে প্রশাসন বাধা দেয়, পরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এতে ইনকিলাব মঞ্চের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
সমাবেশ থেকে জাতীয় ছাত্রশক্তি পাঁচ দফা দাবি জানায়। দাবিগুলো হলো— হামলায় জড়িতদের চিহ্নিত করে স্থায়ী বহিষ্কার, সাত একরের নির্ধারিত স্থানে ছয় মাসের মধ্যে অস্থায়ী আবাসনের ব্যবস্থা, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, ক্যাম্পাসে অছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করারও দাবি জানান তারা।