দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামীর প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছ থেকে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহ করছেন—এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
মির্জা ফখরুল জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, “জামায়াতের প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এনেছি।”
পোস্টাল ব্যালট নিয়েও গুরুতর অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় এখনও সুরাহা হয়নি এবং নির্বাচন কমিশন এ ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে।
তিনি বলেন, “বিদেশে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, সেখানে প্রতীক বিন্যাস সঠিকভাবে হয়নি। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্যই এই কাজ করা হয়েছে।”
এ প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি, দেশের ভেতরে যে ব্যালটগুলো বিতরণ করা হবে, তা যেন প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পরই দেওয়া হয়।”