নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ না দেওয়া এবং ধানের শীষের পক্ষে কাজ না করায় এক জামায়াত কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হত্যার উদ্দেশ্যে ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন জামায়াত কর্মী মো. কবির হোসেন, মো. তাজুল ইসলাম, মো. নাজমুল ইসলাম, মুসা মিয়া, সানাউল্লাহ ও মো. ফারুক হোসেন।
ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ইলিয়াস মোল্লার প্রধান নির্বাচনী এজেন্ট আজিজুল হক বলেন, সোমবার সকালে উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কবির হোসেনের বাড়িতে গিয়ে জামায়াতে ইসলামী ত্যাগ করে বিএনপিতে যোগদান এবং দাড়িপাল্লার পরিবর্তে ধানের শীষের পক্ষে কাজ করার প্রস্তাব দেন।
তিনি আরও বলেন, প্রস্তাবে রাজি না হওয়ায় দুপুরে আনোয়ার হোসেনের নির্দেশে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে কবির হোসেনের বাড়ির লোকজনকে কুপিয়ে জখম করা হয়। ৫০ থেকে ৬০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘরে হামলা চালানোর পাশাপাশি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
এ বিষয়ে মন্তব্য জানতে উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এদিকে ঘটনার প্রতিবাদে বিকেলে জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুর রহমান বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। ভুক্তভোগীরা থানায় মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সূত্র-স্টার নিউজ