রোববার (১৫ ফেব্রুয়ারি) এ ঘটনায় বেলায়েত হোসেন বিল্লালকে প্রধান আসামি করে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছেন গাজী মনিরুজ্জামানের মেয়ে মানসুরা জান্নাত।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নির্বাচনের দিন সন্ধ্যা ছয়টার পর পাচোড়া মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশের পর কৃষক দল নেতা বেলায়েত হোসেনের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকে ধাওয়া করে হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় গাজী মনিরুজ্জামানকে হাসপাতালে নেওয়া হয়।
কয়েকজন বিএনপির কর্মী অভিযোগ করেন, পাচোড়া কেন্দ্রে আগে কখনো বিএনপি হারতো না। এবারই প্রথম পরাজয় হয়েছে। এজন্য ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানের ওপর ক্ষুব্ধ হয়ে স্থানীয় নেতারা এ হামলা চালিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজাপুর ইউনিয়ন বিএনপি নেতা জানান, নির্বাচনের কয়েক দিন আগে থেকে গাজী মনিরুজ্জামান নিজ মতো করে নির্বাচন পরিচালনা করেছিলেন। দলের সমন্বয় না রাখায় কেন্দ্রে বিএনপির পরাজয় হয়। এই কারণেই হামলা চালানো হয়েছে।
আহত গাজী মনিরুজ্জামান বলেন, 'আমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই বেলায়েত হোসেন প্রকাশ্যে হুমকি দিয়ে আসছিলেন। নির্বাচনের দিন রাতেই পরিকল্পিতভাবে আমার ওপর হামলা হয়েছে।'
প্রধান আসামি বেলায়েত হোসেন বিল্লাল বলেন, 'আমাদের পাচড়া কেন্দ্রে সব সময় বিএনপি জিতত। এবার ইউনিয়ন বিএনপির গাফিলতির কারণে আমরা পরাজিত হয়েছি। এজন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর কয়েকজন ছেলে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান সহ কয়েকজনকে ধাওয়া করে । এরপর কি হয়েছে আমি বলতে পারব না। আমাকে শুধু শুধু আসামি করা হয়েছে ।'
বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং তা সমাধানের জন্য পদক্ষেপ নিয়েছেন।