জামালপুর সদর উপজেলায় সহপাঠীর ছুরিকাঘাতে মো. জিহাদ (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী পশ্চিম গহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে। অভিযুক্ত মুন্না (১৫) একই এলাকার আবুল কাশেমের ছেলে। তারা দুজনই স্থানীয় নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মুন্না, সাঈদ (১৫) এবং জিহাদসহ কয়েকজন কিশোর স্থানীয় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি-ভর্তা খাওয়ার আয়োজন করে। এ সময় মুন্না ও জিহাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয় এবং তারা চায়ের দোকানের পাশের দিকে চলে যায়। ওই সময় মুন্না হঠাৎ করে জিহাদের পিঠের পাশে ছুরি দিয়ে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, মেয়েঘটিত একটি বিষয় নিয়ে জিহাদ ও মুন্নার মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “নিহতের পিঠে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।”