জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে রিফাত (১৬) ও মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র নদের ওপর প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে তৈরি একটি ভাসমান সেতু দিয়ে চরে যাতায়াতের ব্যবস্থা ছিল। সেখানে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে বিনোদনের আয়োজন করা হয়। ঈদের দিন ঘুরতে আসা মানুষের ভিড়ে সেতুটিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে বিকেলে সেটি ছিঁড়ে উল্টে যায়। এতে অনেকে নদীতে পড়ে যান। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন পানিতে তলিয়ে যান।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা তল্লাশি চালিয়ে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে এলাকায় যান এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. হারুন অর রশীদ জানান, ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে পাঁচজনকে উদ্ধার করেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, উদ্ধারকৃত সবাই মারা গেছেন এবং আর কোনো নিখোঁজের তথ্য না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।