রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানি শেষে এসব প্রার্থিতা পুনর্বহাল করা হয়।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনে মোট ১০৪টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ৬০টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং ২৯টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা পাঁচটি আপিল আবেদনও নামঞ্জুর করা হয়েছে। বাকি ১০টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
এর আগে বুধবার পর্যন্ত টানা পাঁচ দিনের শুনানিতে মোট ২৭৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৩৩৫ জনে।
আগামীকাল শুক্রবার আরও ৩০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ শুনানি চলবে। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।