রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
রোববার, ২১ ডিসেম্বর সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলো মোসলে উদ্দিন চৌধুরীর মেয়ে আফরিদা চৌধুরী (১০) এবং ছেলে ইলহাম চৌধুরী (১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। বর্তমানে পরিবারটি ওয়ারলেস মোড় এলাকার ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের একটি ফ্ল্যাটে বসবাস করছিল।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাবা-মা ও দুই সন্তান একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমুন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়ের মরদেহ বাসায় আনার পরপরই ছোট ভাই ইলহাম বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ওই ভবনের নিচে গ্যারেজে রাখা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. সুমন মিয়া জানান, শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, একই খাবার খেয়ে বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছেন। প্রাথমিকভাবে খাদ্যের বিষক্রিয়াকেই মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
তিনি আরও জানান, ওই খাবার বাসায় রান্না করা হয়েছিল নাকি বাইরে থেকে আনা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।