জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের এমপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, “হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনিই না। এ পর্যন্ত কোনোদিন দেখা হয়নি। এ ছেলের সঙ্গে আমার কোনো পরিচয় নেই—আগেও ছিল না, এখনও নেই। আমি তাকে কোনোদিন দেখি নাই। তার বিষয়ে আমি কীভাবে বলবো?”
তিনি আরও বলেন, “ভোটের মাঠে দ্বিমুখী বুঝি না, ত্রিমুখীও বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবারও সেভাবেই নির্বাচনে কাজ করছি।”
নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, গত ১৭ বছরে মানুষ ভোটের মাঠে যেতে পারেনি। তবে এবার ভোটারদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। “আমরা আশা করি, এবারের ভোটের মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট দেবে,”—বলেন তিনি।