ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও নিজের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিপদের মুখে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষের পক্ষে ভোট চাইতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ভারতে গেছেন—এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু যাওয়ার সময় এলাকার নেতাকর্মী ও সমর্থকদের কেন বিপদে ফেলে গেলেন, সেই প্রশ্ন জনগণের। তিনি বিএনপির কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, তারা যেন ভয় না পান। যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, তবে যারা অন্যায় করেনি তাদের কোনোভাবেই শাস্তি পেতে দেওয়া হবে না। বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।
এ সময় জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল দাবি করছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো নির্দিষ্ট মার্কায় সিল দিলেই যদি জান্নাত নিশ্চিত হতো, তাহলে সবাই জান্নাতেই চলে যেত। জান্নাতে যেতে হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়, নামাজ-রোজা পালন করতে হয়। বিভ্রান্তিকর স্বপ্ন দেখিয়ে জনগণকে ভুল পথে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশ পরিচালনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অভিজ্ঞতার কথা বলেই তিনি দাবি করছেন—বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ পরিচালনার মতো আর কোনো দল নেই। বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সেই অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে জামায়াতের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। তিনি আরও বলেন, বিএনপি হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়। বিভেদ সৃষ্টির রাজনীতির কোনো জায়গা বিএনপিতে নেই।
সমাবেশে মির্জা ফখরুল বিএনপির অতীত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং নির্বাচিত হলে এলাকায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও দেন।