হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করেননি আদালত।
রোববার (১২ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজ করে দেন।
এর আগে গত ৫ জুলাই সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি আদালতে মামলার আবেদন করেন। ওই আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করা হয়।
মামলার আবেদনে বাদী অভিযোগ করেন, তার ৯ মাস বয়সী শিশুকন্যা সাউদা মুসকান হামে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পর্যাপ্ত চিকিৎসা, শয্যা সংকট, অক্সিজেনের অভাব এবং হামের টিকা না পাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আবেদনে আরও অভিযোগ করা হয়, হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টরা ব্যর্থ হয়েছেন। তবে আদালত মামলাটি গ্রহণ করার মতো উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজ করে দিয়েছেন।