সোমবার (১৯ মে) বিকেল সাড়ে ৪টায় ওয়্যারলেসগেট কলম্বিয়া মার্কেটের সামনে অনুষ্ঠিত এই সমাবেশ থেকে বক্তারা সারাদেশে জরুরি ভিত্তিতে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত সরবরাহ, সব সরকারি–বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও আইসিইউ সেবা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হামজনিত মৃত্যুর জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, 'বর্তমানে দেশজুড়ে ৫৮টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে এবং এ পর্যন্ত ৪৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।'
বক্তারা জানান, নারীরা গৃহস্থালি কাজের মাধ্যমে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও রাষ্ট্রীয়ভাবে এ কাজের কোনো স্বীকৃতি নেই। তারা গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ, ডে কেয়ার সেন্টার স্থাপন, কর্মজীবী নারী হোস্টেল, স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নির্মাণ এবং নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান।
তারা অভিযোগ করেন, মহাখালী সাততলা ও কড়াইলসহ শ্রমজীবী এলাকায় পর্যাপ্ত টিকাদান কেন্দ্র না থাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পাশাপাশি ডিএনসিসি হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে বেড ও আইসিইউ সংকটের কথাও তুলে ধরা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির বনানী থানা শাখার সংগঠক লিজা আক্তার দিশা। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক রুখশানা আফরোজ আশা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বনানী থানার সাধারণ সম্পাদক ইনজামামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বনানী থানার সাধারণ সম্পাদক নুসরাত আফরিন।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তারা স্বাস্থ্য খাত ও নারী উন্নয়ন খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানান।