শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় একটি বাজারে অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দসহ এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া মাছবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। গোসাইরহাট উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
এ সময় সার্স হালিমা মৎস্য আড়তের মালিক মো. মোশাররফ হোসেনকে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানম।
অভিযানকালে চার মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ছয়টি এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম এবং গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) ননি গোপালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, দেশের ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষ্যে জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।