শরীয়তপুরের গোসাইরহাট থানা কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাভেল আহমেদ (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রোববার বেলা সাড়ে ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার মধ্যরাতে আলাওলপুর ইউনিয়নের সেলিম ঢালী কান্দি এলাকা থেকে গাঁজাসহ পাভেলকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা পাভেল আহমেদ উপজেলা আলাওলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি একই ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত পাভেল ওই এলাকার চুন্নু মিয়া ব্যাপারীর ছেলে।
গোসাইরহাট থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, আমাদের মাদকবিরোধী নিয়মিত অভিযানে মাদকসহ পাভেলকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক মামলায় শরীয়তপুর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।