ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমঝোতা ও আলোচনা। বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদের কয়েকটি আসনে সমঝোতার ঘোষণাকে কেন্দ্র করে দলটির অনেক মনোনীত প্রার্থী অসন্তোষ প্রকাশ করছেন। তাদের মতে, এককভাবে নির্বাচন করাই গণঅধিকার পরিষদের জন্য অধিক উপযোগী হতো।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূরের সঙ্গে এবং ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের সঙ্গে সমঝোতার কারণে ওই দুটি আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। তবে এ ঘোষণার পরও গণঅধিকার পরিষদের অনেক প্রার্থী বিষয়টি মেনে নিতে পারছেন না।
এরই পরিপ্রেক্ষিতে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী দলটির সভাপতি ভিপি নুরুল হক নূরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে নির্বাচনী লড়াই আরও স্পষ্ট হচ্ছে। একই দিনে বিএনপির মহাসচিব ঘোষণা দেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সঙ্গে সমঝোতার কারণে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। ফলে ‘মাতাল’ প্রতীক নিয়ে এককভাবে নির্বাচন করতে পারবেন জোনায়েদ সাকি।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন। তারা আশাবাদী, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ‘ট্রাক’ প্রতীককে ঘিরে গণজোয়ার সৃষ্টি হবে। তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাক প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন এবং বাঞ্ছারামপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী বলেন, ‘নির্বাচন কমিশনের সকল বিধি-বিধান অনুসরণ করেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই যথাযথ কর্তৃপক্ষের কাছে মনোনয়নপত্র জমা দেব, ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’