র্যাব সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে র্যাব-১ এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার খোকন ভিলার পাঁচতলা ভবনের পঞ্চম তলায় একটি জাল টাকা তৈরির কারখানা পরিচালিত হচ্ছে। ওই কারখানায় বিপুল পরিমাণ জাল টাকা বিক্রির প্রস্তুতি চলছিল। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে একই দিন রাত ১১টা ২৫ মিনিটে র্যাব-১ এর দলটি উক্ত ভবনের পশ্চিম-দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জাল নোট, কাগজে প্রিন্ট করা অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, পেপার কাটার ও লেমিনেটিং মেশিন, স্ক্যানার, বিভিন্ন রঙের প্রিন্টার কালি, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট, বিশেষ কাগজ, স্মার্টওয়াচসহ অন্যান্য উপকরণ। এছাড়াও নগদ ১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত। পরস্পর যোগসাজশে তারা জাল টাকা বাজারজাত করার উদ্দেশ্যে এসব নোট প্রস্তুত করছিল।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, আসন্ন রোজা, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে জাল টাকা প্রতিরোধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান