র্যাব-১ সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) ভোর আনুমানিক ৪টা ৩৫ মিনিটে র্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল সোর্সের গোপন তথ্য ও র্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় জানতে পারে যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর এলাকায় আনসার একাডেমির সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে সকাল ৫টা ৪০ মিনিটে মোঃ তারেক হোসেন বাবু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তিনি পাবনা জেলার লক্ষীপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামির দখল থেকে ১৬৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং নগদ ১,৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন জেলা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আরও দুইজন সহযোগী জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
সদ্য সংবাদ/এম এইচ হৃদয় খান