আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো গাজীপুর-৩ (সংসদীয় আসন ১৯৬) আসনেও বাড়ছে রাজনৈতিক তৎপরতা। সময় যত ঘনিয়ে আসছে, ভোটের মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে।
গাজীপুর-৩ আসনটি গঠিত হয়েছে শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা বৈধ ঘোষণার পর সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এ আসনে মোট সাতজন সংসদ সদস্য পদপ্রার্থী থাকলেও নির্বাচনী মাঠে চারজন প্রার্থী তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন।
এগিয়ে থাকা প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস. এম. রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকে মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মই মার্কা প্রতীকে আশিকুল ইসলাম পিয়াল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে আলমগীর হোসাইন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীদের যোগ্যতা, ব্যক্তিগত সততা ও এলাকার উন্নয়নে ভূমিকা—এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই তারা ভোট প্রদানের সিদ্ধান্ত নেবেন।
সব মিলিয়ে গাজীপুর-৩ আসনে এবারের নির্বাচনকে কেন্দ্র করে যেমন প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, তেমনি ভোটারদের আগ্রহও ক্রমেই বাড়ছে।