চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ডের আদেশ পাঁচ ঘণ্টার মধ্যেই বাতিল করা হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাঁর চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে একই দিন দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ওই আদেশের পর আদালতপাড়ায় ‘ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা।
সুরভীর আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল জানান, দুপুরে দেওয়া দুই দিনের রিমান্ড আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত বয়স ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে রিমান্ডের আদেশ বাতিল করেন এবং চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুক সুরভীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
এ বিষয়ে গাজীপুর-২ আসনের এনসিপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, সুরভীর সঙ্গে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। তারা আদালত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ায় দ্রুত ভুল সংশোধন করে সুরভীকে মুক্তি দেওয়া হবে।