দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১ জন নেতাকে বহিষ্কার করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু; মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান এবং জেলা বিএনপির সদস্য ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির; টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম; কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সিনিয়র সহসভাপতি মোস্তফা আমিনুল হক।
এ ছাড়া দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরিয়ার শামীম; বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ খান; নিকলী উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মানিক মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন; জারুইতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম; ছাতিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি পরশ মাহমুদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুক্তার; দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন; সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ তপু; গুরুই ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান; সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন; কারপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন এবং নিকলী উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. মনির হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।