দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং সব দলের প্রস্তুতির সুবিধার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এমন সময়ে ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে তিনি নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে স্বাগত জানান এবং এই সংস্কার বাতিলের জন্য চাপ সৃষ্টি ও আদালতের শরণাপন্ন হওয়ার ঘটনা নিন্দা করেন।
নিবন্ধনের পর থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বহু চড়াই-উতরাই শেষে প্রতীক বরাদ্দ পেয়েছে এনসিপি। শাপলা কলি প্রতীকে দলটি এবারের নির্বাচনে অংশ নেবে।
‘প্রত্যেক দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে’—এই প্রস্তাব থেকে ইসিকে না সরার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দল সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ দিয়ে এক মার্কায় নির্বাচন চায় এবং আদালতকে ব্যবহার করে সংশোধনী বাতিলের চেষ্টা করছে। এ বিষয়ে ইসিকে কঠোর অবস্থানে থাকার অনুরোধ জানান এনসিপির শীর্ষ নেতা।
নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য কঠোরভাবে যাচাই করতে হবে এবং অর্থ ব্যয় নিয়ন্ত্রণে ইসিকে শক্ত অবস্থানে থাকতে হবে। কালো টাকা ছড়ালে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
ডিসি-এসপি বদলিতেও রাজনৈতিক প্রভাব আছে দাবি করে তিনি বলেন, এই প্রভাব নির্বাচনে প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে।
গণভোটের প্রশ্নে সঠিকভাবে প্রচার না হলে জনগণের কাছে যথাযথ তথ্য পৌঁছাবে না উল্লেখ করে এ বিষয়ে ইসিকে সতর্ক থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম।