দেশে লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট থাকতে পারে: সংসদে মন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই এবং উৎপাদন-সংকটের কারণে লোডশেডিং করার প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে ঝড়-বৃষ্টি, গাছ উপড়ে লাইন ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার ত্রুটির কারণে সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াট। বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে গ্রীষ্মকালে চাহিদা বেড়ে গেলে প্রাথমিক জ্বালানির সীমাবদ্ধতা, সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর নানা প্রতিবন্ধকতা, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং ঝড়-বৃষ্টির কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিতে পারে। ফলে সব সময় চাহিদা অনুযায়ী মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয় না।

প্রশ্নোত্তর পর্বে যশোর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল গ্রামাঞ্চলে পাঁচ থেকে সাত ঘণ্টা বিদ্যুৎ না থাকার অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি নওয়াপাড়া শিল্পাঞ্চলেও বিদ্যুৎ-সংকটের বিষয়টি উল্লেখ করেন।

জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। ঝড়-বৃষ্টি বা অন্যান্য কারণে লাইন ক্ষতিগ্রস্ত হলে সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট হতে পারে, তবে সেটিকে লোডশেডিং বলা সঠিক নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, বিদ্যুতের ঘাটতির কারণে সরবরাহ বন্ধ থাকাকেই লোডশেডিং বলা হয়, আর বর্তমানে দেশে সে ধরনের পরিস্থিতি নেই।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। বিদ্যুতের চাহিদা পূরণে সরকার জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বর্তমানে ৭ হাজার ৯২৮ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার ৩২টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ ছাড়া ৬৬৫ মেগাওয়াট সক্ষমতার ১৫টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে, যেগুলো ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হওয়ার কথা।

মন্ত্রী বলেন, দেশের শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের চাহিদা বাড়লেও সরকার পূর্বপ্রস্তুতির মাধ্যমে তা মোকাবিলার ব্যবস্থা নিয়েছে। ২০২৬ সালের সম্ভাব্য চাহিদা বিবেচনায় উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় গ্যাস, কয়লা ও তরল জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্যাস, কয়লা ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নির্ধারিত রক্ষণাবেক্ষণ সম্পন্ন করে সর্বোচ্চ উৎপাদনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ফলে উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হচ্ছে না।

বিএনপির সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ১ হাজার ১৭২ মেগাওয়াট সক্ষমতার ২৬টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। পাশাপাশি ৬৬৫ মেগাওয়াট সক্ষমতার আরও ১৫টি কেন্দ্রের দরপত্র কার্যক্রম চলমান, যা ২০২৯ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার ৫০০ থেকে ১৭ হাজার ৫০০ মেগাওয়াটের মধ্যে রয়েছে। এর বিপরীতে উৎপাদন হচ্ছে ১৫ হাজার ৫০০ থেকে ১৭ হাজার ২০০ মেগাওয়াট।

শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ দক্ষিণ এশিয়াজুড়ে দীর্ঘমেয়াদি দাবদাহের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুললে মন্ত্রী বলেন, এমন পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে কিছু এলাকায় সীমিত পরিসরে লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে।

খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন হেলালের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে সারা দেশে সরবরাহ করা হয়। রূপসার দুটি বিদ্যুৎকেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ রয়েছে। ভোলা থেকে গ্যাস সরবরাহের মাধ্যমে কেন্দ্র দুটি চালুর পরিকল্পনা রয়েছে। সেগুলো চালু হলে খুলনা অঞ্চলে বিদ্যুতের ঘাটতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চরাঞ্চলে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ ব্যয়বহুল হলেও ধাপে ধাপে সেখানে বিদ্যুতায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, খাসিয়া পুঞ্জি ও দুর্গম পার্বত্য এলাকায় সৌরবিদ্যুৎ ও শক্তি সঞ্চয়ব্যবস্থাভিত্তিক বিদ্যুতায়নের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের বিস্তৃত নেটওয়ার্কে ট্রান্সফরমার চুরি রোধ করা কঠিন। তিনি এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং ট্রান্সফরমার সরবরাহে বিলম্বের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি