পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড়া সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় টাঙানো হাসনাত আবদুল্লাহর শাপলাকলি প্রতীকের একাধিক ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে উপজেলার আরও কয়েকটি স্থানে তাঁর নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ব্যানার পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খাইয়ার এলাকায় হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, 'ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
এ বিষয়ে উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, 'দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের একাধিক নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।'
এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।