এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জয়ের নজির ছিল টাইগারদের। এবার সেই রেকর্ড ভেঙে বড় লক্ষ্য অনায়াসেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে নিউজিল্যান্ড। ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সফরকারীরা। পাওয়ার প্লেতে ৬১ রান তোলার পর দ্রুতই একশ পার করে তারা। ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার দুজনই হাফ সেঞ্চুরি তুলে নেন। এছাড়া অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসনও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ২টি উইকেট নেন। শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান নেন একটি করে উইকেট।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। তবে ১৬ বলে ১৭ রান করে সাইফ হাসান আউট হলে প্রথম ধাক্কা খায় দল। এরপর ১৫ বলে ২১ রান করে ফিরে যান অধিনায়ক লিটন দাস।
এরপর তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের জুটি ম্যাচে গতি ফেরায়। ইমন ১৪ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নিলেও হৃদয়কে সঙ্গ দেন শামীম হোসেন। এই জুটির দাপুটে ব্যাটিংয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। হৃদয় তুলে নেন নিজের অর্ধশতক এবং শামীমের সঙ্গে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
শেষ পর্যন্ত ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রান করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ১৮২/৬ (২০ ওভার) — ক্লেভার ৫১, ক্লার্ক ৫১
বাংলাদেশ: ১৮৩/৪ (১৮ ওভার) — হৃদয় ৫১*, শামীম ৩১*
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী