চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত র্যাব সদস্যরা হলেন ডিআইডি মো. মোতালেব, ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত। তাদের মধ্যে ডিআইডি মো. মোতালেব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম র্যাব-৭ সূত্র জানায়, সোমবার বিকেলে অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে র্যাব-৭-এর একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালাতে যায়। অভিযানের সময় অবৈধভাবে গড়ে তোলা সন্ত্রাসীদের আস্তানার কাছে পৌঁছালে ইয়াছিন বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।
গুলিবর্ষণের ঘটনায় র্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর সন্ত্রাসীদের পক্ষ থেকে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হবে।