সম্প্রতি ‘দুবাই পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হলেও অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার টিমের যাচাইয়ে দেখা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে।
ইনানের মতো একজন শীর্ষ নেতা গ্রেপ্তার হলে সে বিষয়ে গণমাধ্যমে ব্যাপক সংবাদ প্রকাশিত হওয়ার কথা। তবে আওয়ামী লীগের ফেসবুক পেজ, মূলধারার গণমাধ্যম কিংবা কোনো বিশ্বস্ত সূত্রে এ ধরনের তথ্য পাওয়া যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা আড়ালে রয়েছেন। এ সময়ের মধ্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনানের অবস্থান সম্পর্কেও কোনো নির্ভরযোগ্য তথ্য মেলেনি।
প্রচারিত ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে থাকা ব্যক্তিদের মুখাবয়ব ও পারিপার্শ্বিক উপাদানে সূক্ষ্ম অসামঞ্জস্য রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করতে রিউমর স্ক্যানার কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’-এর ‘GLFF (২০২৪)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, কনটেন্টটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার পরই আলোচিত ভুয়া ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া কনটেন্ট।