রবিবার (১৮ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষরিত চূড়ান্ত প্রার্থী ও প্রতীক বরাদ্দের চিঠিটি ইস্যু করা হয়।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য। ভোটের মাঠে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার।
জানা গেছে, প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপিন মনোনয়ন দেয়া হয় মুশফিকুর রহমানকে। শেষ দিকে এসে এ আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পান জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। গত ৩ জানুয়ারি যাচাই-বাছাই শেষে বিএনপির এ দুই প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
যদিও মনোয়নপত্র জমাদানের আগেই মুশফিকুর রহমান তার কানাডিয়ান নাগরিকত্ব ত্যাগ করেন বলে তার হলফনামায় উল্লেখ করেন। পরে রবিবার শুনানি শেষে আপিল আবেদন নামঞ্জুর করে মুশফিকুর রহমানের মনোনয়নপত্রের বৈধতা বহাল রাখে নির্বাচন কমিশন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন জানান, মুশফিকুর রহমানকে চূড়ান্ত প্রার্থী উল্লেখ করে দলীয় প্রতীক বরাদ্দের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিকেলে এ রায়ের খবর ছড়িয়ে পড়লে কসবা ও আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে প্রার্থীর সমর্থকেরা মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।