ফেনীর সোনাগাজীতে এক যুবকের বন্দুক হাতে ফিল্মি স্টাইলে পোজ দেওয়া ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই যুবক যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তবে তার পিতার দাবি, মাদক ব্যবসায়ীদের পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করায় পুরনো একটি ছবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া যুবকের নাম মোহাম্মদ তানভির। তিনি উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জহির মেম্বারের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। ছবি ছড়িয়ে পড়ার পর থেকে তানভির আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তানভির যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং আগে নিয়মিত কাজকর্মের পাশাপাশি ভদ্রভাবে চলাফেরা করতেন। তার বিরুদ্ধে তখন কোনো অভিযোগও ছিল না। তবে জুলাই-আগস্টে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি স্থানীয় কিছু বখাটের সঙ্গে মেলামেশা শুরু করেন এবং একপর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে।
তানভিরের বাবা সাহাব উদ্দিন ছেলের যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে বলেন, তিনি একজন দরিদ্র মানুষ এবং টমটম চালিয়ে পরিবার নিয়ে জীবনযাপন করেন। তার ভাষ্য অনুযায়ী, এলাকার বখাটেদের প্রভাবে ছেলে নষ্ট হয়ে গেছে। আগে কাজকর্মের পাশাপাশি নামাজ পড়ত, কিন্তু এখন নিয়মিত কাজ ছেড়ে দিয়ে অধিকাংশ সময় আড্ডায় সময় কাটায়। বন্দুক হাতে ছবি তোলার বিষয়ে জানতে চাইলে তানভির তাকে জানিয়েছে, স্থানীয় মহাজন বাড়ির নাইম ওই ছবি তুলেছিল এবং সে এ ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে।
সাহাব উদ্দিন আরও দাবি করেন, তার ছেলে কয়েকজন মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিতে সহায়তা করায় তারা প্রতিশোধ হিসেবে নাইমের তোলা পুরনো ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে ছেলে আর কোনো অপরাধে জড়াবে না জানিয়ে তিনি প্রশাসনসহ সবার কাছে অনুরোধ জানিয়েছেন, তানভিরকে ক্ষমা করে সঠিক পথে ফিরে আসার সুযোগ দেওয়া হোক।