বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকার লাক্সমা নামের একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত লাক্সমা গার্মেন্টস-এর শ্রমিকদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার দাবি জানানো সত্ত্বেও মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শ্রমিকরা কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে তারা শ্রীপুর–মাস্টারবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
সড়ক অবরোধের ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার চেষ্টা করে। তবে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ৩০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শ্রমিকরা অভিযোগ করে বলেন, বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করলেও পুলিশ তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।
ঘটনার পর বিকেল থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।