স্প্যানিশ লিগে অ্যাথলেটিক ক্লাবের হয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছিলেন নিকো। তবে প্রথমার্ধেই পেশিতে চোট পান এই স্প্যানিশ তারকা। ব্যথার কারণে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতেও আর দেখা নাও যেতে পারে নিকোকে। এতে করে বিশ্বকাপের আগে তাঁর ফিটনেস নিয়ে শঙ্কা আরও বেড়ে গেছে।
পুরো মৌসুমজুড়েই ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে নিকোকে। গত সেপ্টেম্বর থেকে পিউবালজিয়ার সমস্যায় ভুগছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগে সুস্থ হয়ে মাঠে ফিরলেও নতুন এই চোট আবারও তাঁকে অনিশ্চয়তায় ফেলে দিল।
ম্যাচ শেষে নিকোর বড় ভাই ইনাকি উইলিয়ামস বলেন, পরিস্থিতি খুব একটা ভালো নয়। ও খুব কষ্টে আছে। এমন ব্যথা আগে কখনও অনুভব করেনি বলে জানিয়েছে। বিশ্বকাপের এত কাছে এসে এই চোটটা সত্যিই কঠিন।'
আগামী কয়েক দিনের মধ্যে নিকোর বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হবে। এরপরই নিশ্চিত হওয়া যাবে বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা কতটা আছে। এখন ভালো খবরের অপেক্ষায় স্পেন ও অ্যাথলেটিক ক্লাব সমর্থকেরা।