গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগদান করছেন। দলটির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন। তবে এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য মো. রাশেদ খাঁনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আবু হানিফ জানান, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খাঁন বিএনপিতে যোগদান করবেন এবং বিএনপির সদস্য পদ নিয়ে দলটির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
এদিকে রাশেদ খাঁনের পদত্যাগের পর গণঅধিকার পরিষদের নতুন সাধারণ সম্পাদক কে হবেন—এ প্রশ্নের জবাবে আবু হানিফ বলেন, দলের উচ্চতর পরিষদের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।