বাগেরহাট সদর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বারুইপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে।
আহত জামায়াতের নেতাকর্মীরা হলেন—তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক। তাদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ধানের শীষ প্রতীকের বিএনপি নেতাকর্মীরা এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিল। এ খবর পেয়ে স্থানীয় জামায়াত কর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে অন্তত ছয়জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করা হয়।
অন্যদিকে বিএনপির দাবি, জামায়াতের কিছু নেতাকর্মী টাকা ও লিফলেট নিয়ে এলাকায় প্রবেশ করলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ নামে দুই কর্মী আহত হন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাগেরহাট-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ অভিযোগ করে বলেন, ধানের শীষের পক্ষে স্থানীয় লিটু মেম্বারসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী টাকা বিতরণে বের হন। বিষয়টি জানতে পেরে জামায়াত কর্মীরা তাদের অনুসরণ করলে বিএনপির লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
অপরদিকে বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাসুদ বলেন, ৮ থেকে ১০ জন জামায়াত কর্মী বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট বিতরণ করছিল। বিএনপির কর্মীরা বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দলের দুই কর্মীর মাথায় আঘাত লাগে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।