সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রুবেল ও তার ছেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম। এ সময় রুবেলকে একটি বিশেষ স্মারক এবং তার তিন সংস্করণের জাতীয় দলের জার্সি বাঁধাই করে উপহার দেওয়া হয়।
বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে রুবেল বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অবসরের পর বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজে তাকে ফোন করে বিদায়ী সংবর্ধনার বিষয়টি জানান, যা তার জন্য অত্যন্ত সম্মানের।
ক্যারিয়ারের এই পর্যায়ে এসে পরিবার, কোচ, গ্রাউন্ডসম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান রুবেল। ২০০৯ সালে অভিষেকের সময় যারা তার পাশে ছিলেন, তাদের অবদানও তিনি স্মরণ করেন।
বিশেষভাবে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের পথপ্রদর্শক কোচ সারোয়ার ইমরানের কথা উল্লেখ করেন রুবেল। পেসার হান্ট কর্মসূচির মাধ্যমে জাতীয় দলে সুযোগ করে দেওয়ার জন্য এই কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং তার দীর্ঘায়ু কামনা করেন।