ভারতের নাগরিক হয়েও খুলনায় প্রধান শিক্ষক, মিলল চাঞ্চল্যকর তথ্য বিকল্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
খুলনার পাইকগাছা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব, নিয়োগে অনিয়ম এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ও তার পরিবারের সদস্যরা ভারতের পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করে সেখানকার নাগরিক সুবিধা ভোগ করলেও বাংলাদেশে সরকারি বিধি অনুযায়ী চাকরি করে বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযুক্ত দীপক চন্দ্র সরকার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযোগ অনুযায়ী, তার নাম ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশেও ভোটার হিসেবে তালিকাভুক্ত।

অভিযোগে আরও বলা হয়েছে, দীপক চন্দ্র সরকার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর বর্ধমান জেলার শক্তিগড় থানার ২ নম্বর বরশুল গ্রামের ১ নম্বর মনমোহন দে রোডের পশ্চিমাংশের বাসিন্দা। একই সঙ্গে তিনি পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঢেমশাখালী গ্রামের ভোটার। তার স্ত্রী অপর্ণা সরকার, মেয়ে জয়শ্রী সরকার, বড় ভাই দুলাল চন্দ্র সরকার ও তার স্ত্রী সুশীলা সরকার, ছোট ভাই তাপস সরকার ও তার স্ত্রী বর্ণালী সরকার ভারতের স্থায়ী বাসিন্দা ও ভোটার বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, পরিবারের সদস্যদের ভারতে রেখে তিনি বাংলাদেশে বিদ্যালয় পরিচালনার পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। ২০২৪ সালে বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী ও আয়া নিয়োগে অনিয়ম এবং মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়রা বিক্ষোভ করেন এবং স্মারকলিপি দেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া চূড়ান্তভাবে কার্যকর হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, ওই নিয়োগে অন্তত ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে।

এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে বিদ্যালয়ের পাঁচ লাখ টাকার প্রণোদনা অনুদান ব্যয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এর মধ্যে দুই লাখ ২৫ হাজার টাকা শিক্ষার্থী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হলেও অবশিষ্ট অর্থ ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা প্রকাশ চন্দ্র সরকার বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নথিপত্র অনুযায়ী, অভিযোগ পাওয়ার পর পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা সম্পদ কর্মকর্তা মো. ঈমান উদ্দিন ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ২০২৫ সালের ৩০ জানুয়ারি আরেকটি প্রতিবেদন দাখিল করে। একই বছরের ১৫ সেপ্টেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমানও পৃথক তদন্ত পরিচালনা করেন।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লেখ করেন, ভোটার তালিকার তথ্য অনুযায়ী প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের নাম ভারতের পশ্চিমবঙ্গেও রয়েছে। এমপিও নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষককে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সে ক্ষেত্রে বিদেশি নাগরিকের এমপিওভুক্ত পদে থাকা বিধিবহির্ভূত এবং প্রশ্নবিদ্ধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) কানিজ ফাতেমা লিজা গত ২৬ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন পাঠান। সেখানে বিষয়টিকে অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। তবে অভিযোগ উত্থাপনের চার মাস পরও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার বলেন, তিনি বাংলাদেশের নাগরিক এবং ভারতের ভোটার নন। বিদ্যালয়ের অনুদান আত্মসাৎ কিংবা নিয়োগ বাণিজ্যের অভিযোগও সত্য নয়। সূত্র: বাংলা পোস্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২ সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. কলকাতা বিমানবন্দরসহ ভারতে একাধিক স্থানে বোমা হামলার হুমকি সদ্য. মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২