বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে ঘিরে ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেডিয়ামের প্রতিটি প্রবেশদ্বারে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আটটায় ম্যাচ শুরু হলেও দুপুর থেকেই স্টেডিয়ামে ছুটে আসেন দর্শকরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক-সমূদ্রে পরিণত হয় জাতীয় স্টেডিয়াম এলাকা। এর আগেও জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ওই ম্যাচগুলোর তুলনায় এবারের ম্যাচে আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর অবস্থানে রয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে আছেন।
বাংলাদেশ ও ভারত ম্যাচকে ঘিরে দর্শকের মধ্যে যে বিপুল আগ্রহ ও উদ্দীপনা অনুমিতই ছিল। এ ম্যাচ যেন দর্শকদের মধ্যে অন্য রকম এক আগ্রহ সৃষ্টি করেছে। এ ম্যাচের টিকিটের চাহিদাও আকাশচুম্বী। অনলাইনে ম্যাচের টিকিট ছাড়ার মাত্র ৬ মিনিটের মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। ম্যাচের দিনও টিকিটের জন্য হাহাকার দেখা গেছে। স্টেডিয়ামে ভেতরে থাকা অবস্থান করা অপেক্ষামান দর্শকের মাতিয়ে রাখতে কনসার্টের আয়োজন করেছে বাফুফে।