ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুছা মিয়া (৫৯)-এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে হোসেনপুর গ্রামের জোয়ারার বিল রাস্তার পাশের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত মুছা মিয়া ছলিমাবাদ ইউনিয়নের ছলিমাবাদ গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের সন্তানরা জানান, টাকা লেনদেনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন,
“খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা তাকে গলা কেটে হত্যা করেছে—এর এখনও সুস্পষ্ট প্রমাণ মেলেনি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”