আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার নাটঘর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নাটঘর ঋষিপাড়া ও নাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে জাহের মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি তাপস—আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমাকে একবার সুযোগ দিন। ২০১৮ সালে আমি নির্বাচন করেছিলাম, কিন্তু তখন ভাগ্য সহায় হয়নি এবং কিছু করার সুযোগও ছিল না। এবার আমাদের সামনে সুযোগ এসেছে। আগামী পাঁচ বছরে নবীনগরে কিছু করে দেখাতে চাই। সেই সুযোগটা আমাকে দিন। আগামী নির্বাচনে ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি এমপি হলে নবীনগরে ইনসাফ প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে নবীনগরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, এতিমখানা, কবরস্থান ও শ্মশানসহ সব অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। পাশাপাশি নবীনগরে কোনো প্রতিহিংসার রাজনীতি চলতে দেব না। আমাদের একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশের নাগরিক।”
উঠান বৈঠকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।