নারায়ণগঞ্জের নবীগঞ্জ এলাকায় উইলসন রোডে অবস্থিত আকিজ পলিফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে থাকা আটজন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক দগ্ধ হন। শনিবার (১০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে
দগ্ধরা হলেন প্রকৌশলী তারেক (২৬), মেকানিক মো. খোরশেদ (৩৫), মেকানিক ফেরদৌস (৩৫), অপারেটর মো. মঞ্জুর (২৮), অপারেটর হাবিব (৪৩), অপারেটর মো. রাকিবুল (২৫) এবং গাড়িচালক মো. হান্নান (৪৬)। আহতদের দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, রাত আনুমানিক ৮টার দিকে কারখানার ভেতর থেকে বিকট শব্দ শোনা যায়। এ সময় বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের দ্রুত ঢাকায় পাঠায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন কারখানার সামনে জড়ো হন।
কারখানার ব্যবস্থাপক মো. শুভ জানান, বিস্ফোরণের ফলে কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায় এবং হিট এক্সচেঞ্জার মেশিনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।
এ বিষয়ে ওসি গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন সময় সংবাদকে বলেন, খবর পেয়ে পুলিশ ও বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সিমেন্ট কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণের ঘটনায় আটজন আহত হয়েছেন। দগ্ধদের তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন সময় সংবাদকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে গিয়ে দগ্ধ কাউকে পাওয়া যায়নি, কারণ তাদের আগেই ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।