মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, 'র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না। বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি।'
তথ্য উপদেষ্টা বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছেন এবং একটি নতুন আইনি কাঠামোর আওতায় বাহিনীটিকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।'
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবকে ঘিরে দীর্ঘদিন ধরেই দেশি-বিদেশি বিভিন্ন মহল থেকে সমালোচনা রয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠন বাহিনীটি বিলুপ্তির সুপারিশও করেছে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের সময় বিএনপিও সংবাদ সম্মেলন করে র্যাব বিলুপ্তির দাবি জানায়।
এর আগে সোমবার র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, 'মানবাধিকার সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনে সরকার কাজ করছে।'
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তা ও বিশেষ পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষায়িত এলিট বাহিনীর প্রয়োজন রয়েছে। তবে সেটি র্যাব নামে হোক বা অন্য কোনো নামে—এর কার্যক্রম, ক্ষমতা ও জবাবদিহি স্পষ্টভাবে নির্ধারণ করে আইন প্রণয়ন করা হবে।