আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান। তিনি বলেন, জামায়াতে যোগ দিলে তাদের সব দায়দায়িত্ব দল নেবে। আইন-আদালত থেকে শুরু করে থানা-পুলিশসংক্রান্ত বিষয়ও তারা দেখবেন। একই সঙ্গে বিএনপি এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকেও জামায়াতে যোগদানের আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন লতিফুর রহমান।
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশে একটি পরিবর্তন আসতে যাচ্ছে। আওয়ামী লীগ থেকে যারা জামায়াতে আসবেন, তাদের সব দায়দায়িত্ব দল নেবে। জেলখানা, নবাবগঞ্জ থানা কিংবা যেকোনো ধরনের দায়িত্ব নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
লতিফুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। যারা আসবেন, তাদের দায়িত্ব আমরা নেব। তিনি বলেন, জামায়াতকে আগের জামায়াত মনে করার কারণ নেই, বর্তমান জামায়াত অনেক বেশি শক্তিশালী।
তিনি আরও বলেন, আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দলে যুক্ত হওয়া উচিত নয়। এটি তাঁর ব্যক্তিগত কথা নয়, বরং কোরআনের কথা বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বলেন, আল্লাহ মানুষের ভালো ও মন্দ কাজের প্রতিটি হিসাব নেবেন—এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।