জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে এবং একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিকবান্ধব জামালপুর গড়ার প্রত্যয়ে ৩৬ দফা নির্বাচনী ইশতেহার নিয়ে প্রচারণা চালাচ্ছেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আবিদ সৌরভ।
আজ শনিবার (বিকালে)পৌরসভা থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)মেয়র প্রার্থী আবিদ সৌরভ তার নির্বাচনী প্রচারনা শুরু করে।
এ সময় “প্রিয় জামালপুরবাসী” শিরোনামে প্রকাশিত একটি লিফলেটে তিনি জামালপুর পৌরসভাকে একটি উন্নয়নমুখী, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট শহরে রূপান্তরের লক্ষ্যে ৩৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। লিফলেটটি ইতোমধ্যে শহরের বিভিন্ন এলাকায় বিতরণ করা হচ্ছে এবং ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনারও সৃষ্টি করেছে।
ঘোষিত ৩৬ দফার মধ্যে রয়েছে “স্মার্ট জামালপুর” অ্যাপ চালুর মাধ্যমে পৌরসভার জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, ট্যাক্স পরিশোধ, নাগরিক অভিযোগসহ বিভিন্ন সেবা অনলাইনে প্রদান। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ সহায়তা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, ক্রীড়াবিদদের পৃষ্ঠপোষকতা, প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের প্রশিক্ষণ, ফুটপাত দখলমুক্তকরণ, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ, আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং স্ট্রিট লাইটের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
ইশতেহারে আরও বলা হয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার করা, পার্ক ও শিশুদের খেলার মাঠ উন্নয়ন, ভিক্ষুকমুক্ত শহর গঠন, অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ, বেকারদের কারিগরি প্রশিক্ষণ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ভাতা, খেলাধুলার জন্য নতুন মাঠ ও ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ, প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা এবং স্থানীয় শিল্পীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন হাসপাতাল ও কার্যকর ময়লা ব্যবস্থাপনা, স্থানীয় হস্তশিল্প ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, পর্যটননির্ভর অর্থনীতি গড়ে তোলা, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, আধুনিক ট্রাফিক সিগন্যাল ও সিসিটিভি স্থাপন, যানজট নিরসনে বিকল্প সড়ক পরিকল্পনা, খাল-নদী সংস্কার ও দখলমুক্তকরণ, মশামুক্ত শহর গঠন, ইভটিজিং, সাইবার বুলিং ও কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা, পলিথিনমুক্ত শহর বাস্তবায়ন, প্রতিটি ওয়ার্ডে সেবা ডেস্ক এবং ২৪ ঘণ্টার নাগরিক অভিযোগ হটলাইন চালুর প্রতিশ্রুতিও রয়েছে।
আবিদ সৌরভ তার নির্বাচনী প্রচারণায় বলেন, “৩৬ জুলাইয়ের চেতনা শুধু একটি স্মৃতি নয়, এটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও আধুনিক সমাজ গঠনের অঙ্গীকার। সেই চেতনাকে ধারণ করেই আমি জামালপুর পৌরবাসীর জন্য ৩৬ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছি। জনগণের সমর্থন পেলে ধাপে ধাপে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জামালপুরকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করব।”
প্রচারণাকালে তার সমর্থকরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালায়।গণসংযোগে পৌরবাসীর সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঘোষিত ৩৬ দফা বাস্তবায়নের অঙ্গীকারই তার নির্বাচনী প্রচারণার মূল প্রতিপাদ্য হিসেবে তুলে ধরা হচ্ছে।